স্টাফ রিপোর্টার
রাজশাহীতে জমি দখলের অভিযোগে আলোচিত জিয়া মঞ্চ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক জাকারিয়া আল আমিনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবার (০৬ জুলাই) জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জামাল হোসেনের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকারিয়া আল আমিনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ দৃষ্টিগোচর হওয়ায় জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্লাহ ইকবালের নির্দেশক্রমে তাঁর সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এতে আরও বলা হয়, অভিযোগের অধিকতর তদন্তের স্বার্থে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল উদ্দিন আরবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় দপ্তরে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে কয়েকজন ভুক্তভোগী জাকারিয়া আল আমিনের বিরুদ্ধে জমি দখল, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অভিযোগ আনেন। পরে এসব অভিযোগ অস্বীকার করে পৃথক সংবাদ সম্মেলনে আল আমিন দাবি করেন, তাঁর বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।
এ ঘটনার পর জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তাঁর সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করে অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হলো।
