স্টাফ রিপোর্টার
কোনো পূর্বঘোষণা বা নোটিশ ছাড়াই রাজশাহীতে ডাকবিভাগের ১৩ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীকে একতরফাভাবে কাজ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে রাজশাহী নগরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নগরের লক্ষ¥ীপুর এলাকায় জেনারেল পোস্ট অফিসের (জিপিও) প্রধান ফটকের সামনে বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি, রাজশাহী বিভাগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে অমানবিক ও অবৈধভাবে এসব কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে এক মুহূর্তেই ১৩টি পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “আমরা দাসত্ব নয়, শ্রমের সঠিক স্বীকৃতি এবং চাকরির ন্যূনতম নিশ্চয়তা চাই।”
বাংলাদেশ দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির বিভাগীয় সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন এবং বিভাগীয় কমিটির সদস্য ও রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত এই অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করে চাকরিচ্যুত কর্মচারীদের স্বপদে পুনর্বহালের জোর দাবি জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর ও বেগবান আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তাঁরা। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষ অংশ নিয়ে আন্দোলনকারীদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে রাজশাহী জিপিও’র পোষ্ট মাষ্টার জেনারেল’র কাছে দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সহ-সাধারণ সম্পাদক পায়েল হোসেন,সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, বিভাগীয় কমিটির সদস্য ও রেশম উন্নয়ন বোর্ডের শ্রমিক দলের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন তাসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
