মোঃ আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। এ ঘটনায় বাল্যবিয়ের আয়োজন ও সহযোগিতার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্টদের মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌর এলাকার দরগাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দরগাপাড়া এলাকায় একটি অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের খবর পায় উপজেলা প্রশাসন। খবর পাওয়ার পর ইউএনও ইসরাত জাহানের নেতৃত্বে দ্রুত সেখানে অভিযান চালানো হয়। অভিযানে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয় এবং বাল্যবিবাহ প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্য করে বিয়ে পড়াতে আসার অভিযোগে সংশ্লিষ্ট ইমামকে ২৫ হাজার টাকা অর্থদ- করা হয়। একই ঘটনায় বাল্যবিবাহের আয়োজন করার দায়ে ছেলে পক্ষকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানের পর কনের পরিবারের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় উল্লেখ করা হয়, কনে আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে আর বিয়ে দেওয়া হবে না।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বিয়েটি বন্ধ করা হয়েছে। বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, গোদাগাড়ী উপজেলায় বাল্যবিবাহ বন্ধে প্রশাসনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বাল্যবিবাহ প্রতিরোধে পরিবারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও সচেতন নাগরিকদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, বাল্যবিবাহ বন্ধে শুধু অভিযান ও জরিমানা নয়, একই সঙ্গে পরিবার ও সমাজের মধ্যে সচেতনতা বাড়ানোও জরুরি। অল্প বয়সে বিয়ে বন্ধ করে শিশুদের শিক্ষা ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে যেকোনো এমন আয়োজনের খবর দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
