গোদাগাড়ী প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে নিয়ম না মেনে বিপুল পরিমাণ সার মজুত রাখার অভিযোগে সোলাইমান পাটোয়ারী নামে এক সার ডিলারকে এক মাসের সশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়া মোড়ে অবস্থিত সোলাইমান পাটোয়ারীর মেসার্স কৃষি ঘর-এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ডিলারের গোডাউনে মজুত করে রাখা ২০০ বস্তা এমওপি এবং ৩০০ বস্তা টিএসপি সার, মোট ৫০০ বস্তা সার উদ্ধার করা হয়। সোলাইমান পাটোয়ারী বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলার বলে জানা গেছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষকদের মধ্যে নিয়ম অনুযায়ী সার সরবরাহ ও বিক্রি না করে গুদামে সার মজুত রাখার বিষয়ে গত দুই মাসে ওই ডিলারকে তিনবার সতর্ক করা হয়েছিল। নির্ধারিত নিয়ম মেনে কৃষকদের কাছে সার বিক্রি ও সরবরাহ করার জন্য তাকে সতর্ক করার পরও তিনি বিপুল পরিমাণ সার গুদামে মজুত করে রাখেন বলে অভিযোগ ওঠে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় তার গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ সার মজুতের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত তাকে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় দোষী সাব্যস্ত করে এক মাসের সশ্রম কারাদ- দেন।
প্রশাসনের এ অভিযানের ফলে সার বাজারে কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের হয়রানি কিংবা নিয়মবহির্ভূতভাবে সার মজুতের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কৃষকদের স্বার্থে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রমে সরকারি নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট ডিলারদের প্রতি প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে সার মজুত বা সরবরাহে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
