স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিলকিস বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে আপন চাচা ও চাচাতো ভাই।
রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদিঘী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিলকিস বেগম একই গ্রামের সাজ্জাদের স্ত্রী। অভিযোগ উঠেছে একই গ্রামের আব্দুস সালাম (৬০) ও তার ছেলে আলমগীর (২৮) ও জাহাঙ্গীর (৩০) হাসুয়া ও লাঠি দিয়ে তার ওপর হামলা চালান।
স্থানীয় ও আহতের পরিবার সুত্রে জানাযায়, প্রায় ৫ শতাংশ পানবরজের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে বিলকিস বেগম পানবরজে কাজের শ্রমিকদের খাবার নিয়ে গেলে ওই বিরোধকে কেন্দ্র করে বাকবিত-ার একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাসুয়া দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় বিলকিস বেগমের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে জানান জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ।
আহত বিলকিস বেগম বলেন, “আমি শ্রমিকদের খাবার দিতে পানবরজে গিয়েছিলাম। পূর্ব শত্রুতার জেরে চাচা ও চাচাতো ভাই আমার ওপর হামলা চালিয়ে মাথায় আঘাত করে।”
আহতের ভাই লালচাঁন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বোন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। অভিযুক্তরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” আমরা এঘটনায় জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বলেন, “বিলকিস বেগম নামে এক নারী মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।”
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, এঘটনায় থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
