গোদাগাড়ী প্রতিনিধি
গোদাগাড়ী উপজেলায় অনুমোদনহীন সার মজুদের দায়ে দুটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৬১ বস্তা সার জব্দ ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৮ আগস্ট (মঙ্গলবার) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেওপাড়া ইউনিয়নের পালপুর এলাকায় অবস্থিত মেসার্স রহিম এন্টারপ্রাইজ এর গোডাউনে অনুমোদনহীন ২২ বস্তা এমওপি সার পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২২ বস্তা সার সরকারি নির্ধারিত দামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
একই দিনে দেওপাড়া ইউনিয়নের কদমশহর এলাকার মেসার্স সাজ এগ্রো বিজনেস নামক কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন আরও ৩৯ বস্তা সার পাওয়া যায়। ওই প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত সার সরকারি দামে বিক্রি করে টাকা কোষাগারে জমা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, “কৃষক যাতে ভেজাল ও অননুমোদিত সার কিনে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নিয়মিত বাজার মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়া সার মজুদ ও বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
কৃষি বিভাগ ও প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
